বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই

প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক কুদ্দুস চিকিৎসা পেশায় দীর্ঘ সময় অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিজ্ঞাপন
রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া পৃথক শোকবার্তায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসা ও রাজনীতিতে অধ্যাপক কুদ্দুসের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।








