Logo

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন, ক্ষমা চাইলেন বিএনপির সেই নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ২০:১২
মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন, ক্ষমা চাইলেন বিএনপির সেই নেতা
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করায় সমালোচনার মুখে পড়া ফেনী জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) বিকেলে ফেনী জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি দাবি করেন, বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে ওই শব্দ উচ্চারিত হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে ফেনীর দাগনভূঞা এলাকায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবদুল আউয়াল মিন্টুর প্রশংসা করতে গিয়ে এম এ খালেক বিতর্কিত মন্তব্যটি করেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এম এ খালেক বলেন, তিনি মূলত ‘প্রিয় ব্যক্তি’ বলতে চেয়েছিলেন। অসাবধানতাবশত ভুল শব্দ উচ্চারণ হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনায় নিজেও বিব্রত বলে জানান।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আলোচক ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি এক বিবৃতিতে মন্তব্যটিকে ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী বলে উল্লেখ করেন এবং ভুল স্বীকার করে তওবা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। সংবাদ সম্মেলনের সময় বহিষ্কৃত যুবদল নেতা হায়দার আলী রাসেলের একটি মন্তব্যকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে এম এ খালেক বলেন, দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় বিএনপি বা তিনি ব্যক্তিগতভাবে নেবেন না।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এম এ খালেকের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড অতীতেও বিতর্কের জন্ম দিয়েছে। ফলে সাম্প্রতিক এই মন্তব্য নিয়েও দলীয় পর্যায়ে অস্বস্তি তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD