Logo

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
৩ জুন, ২০২৬, ১৮:২৫
গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ১২০০ আওয়ামী লীগ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জুন) সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ঘোষণা দেন।

এ সময় ড. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, জনপ্রিয় ও জনসম্পৃক্ত ব্যক্তিরা বিএনপিতে যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে।

বিজ্ঞাপন

নবাগত নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD