এনসিপির আগমনের খবর পেয়ে পালিয়েছে শুভেন্দুর বাহিনী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত কয়েকদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে মানুষ পুশইনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রতিবাদ জানাতে সীমান্ত সফরের ঘোষণা দেওয়ার পর তাদের আগমনের খবর পেয়ে ‘শুভেন্দুর বাহিনী’ এলাকা ছেড়ে চলে গেছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, মুক্তিযুদ্ধ ও পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও কোনো ধরনের পুশইনের মাধ্যমে দখল করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে রাত জেগে পাহারা দিতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে বিজিবি ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
এনসিপির এই নেতা আরও বলেন, সীমান্ত এলাকায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
সীমান্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার এবং দুই দেশের পারস্পরিক আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা উদ্বেগজনক এবং এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী সীমান্ত পরিদর্শনের পর বেনাপোল পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনের কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি সীমান্ত এলাকাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ করেন।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে চেকপোস্ট সড়কে পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্লোগান দিতে দিতে তাকে ধাওয়া করেন বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনি সহকর্মীদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্তে কথিত পুশইন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে এনসিপির শীর্ষ নেতার সফরটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তাদের একটি অংশকে সীমান্তের শূন্যরেখার কাছে ছেড়ে দেওয়া হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে বাংলাদেশে প্রবেশের চেষ্টা সফল হয়নি বলে জানা যায়। এ ঘটনার প্রতিবাদেই নাসির উদ্দীন পাটোয়ারী সীমান্ত সফরের ঘোষণা দেন।








