Logo

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৪ জুন, ২০২৬, ১১:৪০
আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সব মামলায় জামিন লাভের পর কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরেছেন।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর বুধবার (৩ জুন) গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে পৌঁছান তিনি। এ সময় মুক্তির সুযোগ করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় আদালতের দেওয়া জামিন আদেশ যাচাই-বাছাই শেষে রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

বিজ্ঞাপন

কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাইকোর্ট ও সংশ্লিষ্ট আদালতের জামিন সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন মামলায় তার জামিন নিশ্চিত হওয়ায় এবং অন্য কোনো আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, তার মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর আদালতের আদেশে তিনি মুক্তি পেয়েছেন। তিনি আরও জানান, আইভী আইনি লড়াই অব্যাহত রাখবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কারা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে। এর ফলে তার মুক্তির পথ পুরোপুরি উন্মুক্ত হয়।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD