আরও চার আসনের বিএনপির দায়িত্ব পেলেন বীথিকা বিনতে হোসাইন

তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে নিজ এলাকা লক্ষ্মীপুরের পাশাপাশি সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ এবং সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক কার্যক্রম ও উন্নয়নমূলক বিষয়গুলো তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির প্রত্যাশিত ফল আসেনি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি এবং সমন্বয়হীনতার কারণে দলটি সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং দলীয় শৃঙ্খলা পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্বের ওপর আস্থা রেখেছে।
বিজ্ঞাপন
প্রয়াত স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দলীয় নেতৃত্ব তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তাও দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বীথিকা বিনতে হোসাইন দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে তিনি দলের মধ্যে পরিচিত মুখ। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক ও জনকল্যাণমূলক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করছেন। সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সময়ে নির্যাতিত দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এলাকার বাসিন্দা হলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সাতক্ষীরার দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছে বিএনপি।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ বিরোধ নিরসন, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম তদারকি, জনগণের কাছে দলের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়া এবং আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
দায়িত্ব পাওয়ার পর বীথিকা বিনতে হোসাইন বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং দলের আদর্শ এবং ত্যাগী নেতাকর্মীদের প্রতি নেতৃত্বের আস্থার প্রতিফলন। তিনি দলীয় নীতি ও জনগণের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস না করারও প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন








