Logo

ভারত সফর হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৮:১১
ভারত সফর হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। প্রতিবেশী দেশ ভারত সফরেও কোনো আপত্তি নেই। তবে এ সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায়। কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলের প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন। এসব বন্ধ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, তিনি এগুলো বন্ধ করতে কতটা উদ্যোগী হন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন। কেউ যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।

সম্মেলনে রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য, নারী ও পুরুষ, অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD