রমজান আসতে বাকি আর কতদিন, জানা গেল সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের ক্যালেন্ডারে নজর রাখছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র রমজান কবে শুরু হতে পারে, তা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। সে হিসাবে পবিত্র মাসটি শুরু হতে আর দেড়শ দিনেরও কম সময় বাকি। তবে রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ভিত্তিতে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে আগামী রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। হিসাব অনুযায়ী, পবিত্র রমজান শুরু হতে এখন প্রায় ১৪৬ দিন বাকি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন চলছে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস সোমবার (৮ ফেব্রুয়ারি) শুরু হতে পারে। তবে এ তারিখ এখনো চূড়ান্ত নয়। নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করবে রমজানের প্রথম দিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই তারিখে পরপর দুই বছর রমজান শুরু হয় না। কারণ ইসলামি ক্যালেন্ডারে মাসের হিসাব চাঁদ দেখে করা হয়। ইসলামি বছর ৩৫৪ দিনের, যা গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন কম। এ কারণে প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় কিছুটা আগে শুরু হয়।
এভাবে প্রতি বছর রমজানের তারিখ প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে। ফলে প্রায় ৩৩ বছরের মধ্যে বছরের সব ঋতুতেই মুসলমানরা রমজান পালনের সুযোগ পান।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন সকালে থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।
বিজ্ঞাপন
চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর পালিত হবে। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বুধবার, ১০ মার্চ। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর।
প্রসঙ্গত, পবিত্র রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস। মুসলমানদের কাছে এটি বছরের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল।
রমজানজুড়ে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি এ মাসে নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের উল্লেখিত তারিখগুলো বর্তমানে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক সম্ভাব্য তারিখ। স্থানীয়ভাবে নতুন চাঁদ দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।








