নেইমারের বিরুদ্ধে মামলা করলেন ব্যক্তিগত বাবুর্চি

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র আইনি জটিলতায় পড়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেইমারের বাসভবনে কাজ করার সময় তিনি অসহ্য পরিশ্রমের কারণে পিঠে ব্যথা এবং নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।
বিজ্ঞাপন
মামলায় বলা হয়েছে, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে এই নারীকে অত্যন্ত চাপের পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো। তিনি কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও অতিথির জন্যও নিয়মিত খাবার প্রস্তুত করতেন। এর ফলে কখনো কখনো তার দৈনন্দিন কাজের সময় ১৬ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেত।
চুক্তি অনুযায়ী তিনি সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করার কথা থাকলেও প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত তাকে কাজ করতে হতো। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করানো হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংসসহ অন্যান্য বাজারের ভারী ব্যাগ বহনের কারণে তিনি দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচসহ অন্যান্য পাওনা মিলিয়ে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবী করেছেন তিনি।
আরও পড়ুন: ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল ছাড়ল ভারতীয় দল
মামলার নথি অনুযায়ী, দাবিকারী প্রায়শই দুপুরের খাবারের বিরতি পর্যন্ত নিতে পারতেন না এবং শ্রমজীবী আইন অনুযায়ী প্রয়োজনীয় বিরতিও দেওয়া হতো না। এর ফলে তার দৈনন্দিন কাজের চাপ আরও বেড়ে যেত।
বিজ্ঞাপন
রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই মামলার বিষয়ে এখনো তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।








