Logo

সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:০২
সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নানা আয়োজনে উদযাপনের মধ্যেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় দলটির খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকালে ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের শেষপর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে দলের ২৩ জন ফুটবলারসহ কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া ভাতা কার্ড। যদিও এই কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক মাসিক ভাতা দেওয়া হবে না, তবে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে নিয়মিত খেললে তারা ভাতার আওতায় আসবেন।

বিজ্ঞাপন

ক্রীড়া সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড়রা বিভিন্ন সামাজিক সুবিধা যেমন চিকিৎসা সেবা, ট্রেনের টিকিটসহ অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, বাফুফে সভাপতি আমাদের অনেক সুবিধা দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন। আমরা স্যারের কাছ থেকে আরও কিছু প্রত্যাশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পুরস্কৃত করেছেন। আমরা খুশি হয়েছি। আমাদের সকল খেলোয়াড়ের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেওয়ার।

অধিনায়কের এই প্রত্যাশার জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, দেশের ফুটবলের ধারাবাহিক উন্নতির জন্য নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী সুলিভান ব্রাদার্স রোনান ও ডেকলান আগামীকাল বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সামগ্রিকভাবে ক্রীড়া দিবসের এই আয়োজন তরুণ ফুটবলারদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD