সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তিনি খেলছেন না। গত শনিবার বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, সাকিবের ফেরা তার মামলার অগ্রগতির ওপর নির্ভর করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ এপ্রিল) পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সাকিবের বাংলাদেশে আসা এবং আসার পর নির্বাচকরা যদি মনে করেন তিনি খেলার জন্য তৈরি, তাহলে তিনি খেলবেন। আর আসাটার ব্যাপারে আপনারা জানেন, এখানে বেশ কিছু প্রক্রিয়াগত ঝামেলা আছে, যেগুলো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব নিজের জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটে অস্থিরতা, দেশে ফেরাসহ রাজনীতি নিয়ে প্রকাশ করেছেন নিজের ভাবনা। পরে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন।
বিজ্ঞাপন
ফেসুবক পোস্টে সাকিব লেখেন, ‘সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।
একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।
বিজ্ঞাপন
আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’








