বিসিবির নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে জায়গা পেলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটাতে বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এর পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনায় ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটির নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ববর্তী বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম ও দুর্বলতা চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গঠিত আহ্বায়ক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই বোর্ড পুনর্গঠনের গুঞ্জনের সঙ্গে তার নাম শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। ক্রিকেটাঙ্গনের অভিজ্ঞ ও পরিচিত মুখদের নিয়ে এই কমিটি সাজানো হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।
এনএসসি জানিয়েছে, নতুন এই আহ্বায়ক কমিটি আপাতত তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাদের। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা এই কমিটির প্রধান দায়িত্ব।
অন্তর্বর্তীকালীন এই সময়ে আহ্বায়ক কমিটি কার্যত পূর্ণাঙ্গ বোর্ডের মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং দেশের ক্রিকেট পরিচালনার সব সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিজ্ঞাপন
এদিকে, বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও (আইসিসি) অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে তারা কতটা কার্যকরভাবে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য বোর্ড গঠন করতে পারে।








