বিসিবি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি তামিম ইকবাল?

নানা জটিলতা ও আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে নতুন করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।
বিজ্ঞাপন
এই কমিটির নেতৃত্বে আছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। নবগঠিত কমিটির প্রধান দায়িত্ব হলো নির্ধারিত ৯০ দিনের মধ্যে বোর্ডের নির্বাচন সম্পন্ন করা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—এই আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেরাই কি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন?
ক্রীড়া আইন অনুযায়ী, অ্যাডহক বা আহ্বায়ক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বিধিনিষেধ নেই। ফলে তামিম ইকবালসহ কমিটির অন্য সদস্যরা চাইলে বিসিবির আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
বিজ্ঞাপন
এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তামিম। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছিলেন। তবে নির্বাচনে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ পর্যন্ত তিনি নিজেকে সরিয়ে নেন। তার সঙ্গে আরও কয়েকজন প্রার্থীও সরে দাঁড়ান।
উল্লেখ্য, তামিমদের নেতৃত্বে থাকা বিদ্রোহী ক্লাবগুলোর একটি অংশ দীর্ঘদিন ধরে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেয়নি। এই অচলাবস্থা নিরসনে অবশেষে হস্তক্ষেপ করে এনএসসি, এবং পুরোনো বোর্ড ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে।
বিজ্ঞাপন
নতুন এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা পূর্বে ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।








