Logo

দুই বছরে চার সভাপতি, টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৯:১৬
দুই বছরে চার সভাপতি, টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ছবি: সংগৃহীত

গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন এক রোলার কোস্টারের মতো ওঠানামা করেছে। সভাপতি ও পরিচালকের পদে বারবার পরিবর্তন, নির্বাচনী অস্বচ্ছতা এবং কমিটি ভাঙার ঘটনাসহ বোর্ডের পরিস্থিতি ছিল অস্থির এবং বিশৃঙ্খল।

বিজ্ঞাপন

২০২৪ সালে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে যান। ২১ আগস্ট তিনি পদত্যাগ করেন। একই দিনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্ধারিত কোটা থেকে প্রথমে পরিচালক ও পরে বোর্ড প্রধানের দায়িত্ব পান ফারুক আহমেদ।

কিন্তু বিতর্ক ও নানা অভিযোগের কারণে মাত্র দশ মাসের মাথায় দায়িত্ব ছাড়তে হয় ফারুক আহমেদকে। এরপর ২৯ মে ২০২৫ তার মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরিবর্তে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল, তিনি আড়াই মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন থেকে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তবে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এবং বোর্ডের অস্থিরতা আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিএনপি সরকার গঠনের পর ব্যক্তিগত কারণে জানুয়ারিতে পদত্যাগ করেন পরিচালক ইশতিয়াক সাদেক। ১১ মার্চ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে সরকার। মাত্র ১২ দিনের মাথায় দ্বিতীয় পরিচালক আমজাদ হোসেন দায়িত্ব ছাড়েন। চলতি এপ্রিলে তিন দিনের ব্যবধানে আরও চার পরিচালক পদত্যাগ করেন।

এদিকে ক্লাব, জেলা-বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা ‘বিতর্কিত’ নির্বাচনের অনিয়ম তদন্তের জন্য এনএসসিকে চিঠি প্রদান করেন। এতে পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। ১৫ কার্যদিবসের মধ্যে সব পক্ষের সাক্ষাৎকার নিয়ে কমিটি এক হাজার পাতার প্রতিবেদন জমা দেয় ৫ এপ্রিল।

বিজ্ঞাপন

প্রতিবেদন পর্যালোচনা করে এনএসসি আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করে। কমিটির নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

বিশ্লেষকরা মনে করছেন, দুই বছরের অস্থিরতার মূল কারণ হলো নির্বাচনী স্বচ্ছতার অভাব, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং রাজনৈতিক প্রভাব। এর প্রভাব শুধু নেতৃত্বের স্থায়ীত্বেই সীমাবদ্ধ থাকেনি; ক্রিকেটের ভেতরের সংস্কৃতিতে এবং বোর্ডের নীতি-নির্ধারণের প্রক্রিয়াতেও বড় ধরনের ধাক্কা দিয়েছে।

ফলে, গত দুই বছরেরও কম সময়ে চারজন সভাপতি দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা দেশের ক্রিকেট প্রশাসনের স্থিতিশীলতার জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD