Logo

নেইমারকে দলে রাখার ইস্যু নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আনচেলত্তির বৈঠক

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৪:২৮
নেইমারকে দলে রাখার ইস্যু নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আনচেলত্তির বৈঠক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়েই ব্রাজিল দলে নেইমারকে রাখা হবে কি না এই প্রশ্নে চাপে পড়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা চালালেও এখনও কোচের আস্থা পুরোপুরি অর্জন করতে পারেননি নেইমার। তবে দেশের তারকা এই ফুটবলারকে বিশ্বকাপ দলে দেখতে চান সাবেক-বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া আনচেলত্তির জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিষয়টি নিয়ে তিনি সরাসরি আলোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে। জানা গেছে, নেইমারকে জাতীয় দলে ফেরানো উচিত কি না—এ বিষয়ে জনমত ও সামগ্রিক পরিস্থিতি বোঝার জন্যই এই উদ্যোগ নেন ইতালিয়ান কোচ।

জানা গেছে, নেইমারকে সেলেসাওদের স্কোয়াডে ফেরানোর ব্যাপারে জনমত এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝতে প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

আনচেলত্তির সঙ্গে গোপন আলোচনার বিষয়টি নিজস্ব ইউটিউব চ্যানেলে এক লাইভ ব্রডকাস্টে এসে স্বীকার করেছেন লুলা।

তিনি বলেন, নেইমারকে দলে নেওয়া নিয়ে বর্তমানে ব্রাজিলে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন— ‘আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’ আমি তাকে বলেছি— দেখুন আনচেলত্তি, সে যদি শারীরিকভাবে ফিট থাকে অবশ্য দলে থাকা উচিত। তবে তার পায়ে এখনও ফুটবল আছে। 

বিজ্ঞাপন

লুলা আরও বলেন, নেইমার যদি খেলতে চান তবে তাকে অবশ্যই পেশাদার হতে হবে। নেইমার চাইলে ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসির দিকে তাকাতে পারেন এবং তাদের দেখে শিখতে পারেন। তার বয়স এখনো ফুরিয়ে যায়নি। কিন্তু সে শুধু নামের জোরে দলে থাকার আশা করতে পারে না। তাকে মাঠে পারফর্ম করে জায়গা অর্জন করতে হবে।

বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোস-এ খেলছেন নেইমার। তবে গত কয়েক বছর ধরে ইনজুরির কারণে নিয়মিত মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এতে তার ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে নেইমারকে রাখা হবে কি না—এই ইস্যুতে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে। কোচ আনচেলত্তির প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনার বিষয়টি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সূত্র: গোলডটকম

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD