Logo

দশ জনকে নিয়েই শেষ ষোলোতে উঠল যুক্তরাষ্ট্র

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১১:২৭
দশ জনকে নিয়েই শেষ ষোলোতে উঠল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

একজন খেলোয়াড় কম নিয়েও দাপুটে জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে মাউরিসিও পোচেত্তিনোর দল। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে শক্তিশালী বেলজিয়াম।

বিজ্ঞাপন

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে অতীত পরিসংখ্যানও ছিল যুক্তরাষ্ট্রের পক্ষে। আগের তিন দেখায় দুই জয় ও এক ড্রয়ের আত্মবিশ্বাস নিয়েই সান ফ্রান্সিসকোর মাঠে নামে স্বাগতিকরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারের পর এদিন কৌশলে পরিবর্তন এনে ৩-৫-২ ফরমেশনে দল সাজান আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেত্তিনো। শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তার শিষ্যরা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ৪৫তম মিনিটে ফ্লোরিয়ান বালোগুন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান। টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে বালোগুনের সামনে চলে আসে। একা গোলরক্ষককে পেয়েই নিখুঁত শটে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

এটি ছিল চলতি বিশ্বকাপে বালোগুনের তৃতীয় গোল। তবে গোলের আগেও তিনি একাধিকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন। ম্যাচের ৩১তম মিনিটে তার করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে নেওয়া তার হাফ-ভলিও অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য নায়ক থেকে খলনায়কে পরিণত হন বালোগুন। ম্যাচের ৬৪তম মিনিটে বসনিয়ার মুহারেমোভিচকে বিপজ্জনক ব্যাক ট্যাকল করলে রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিভিউ (ভিএআর) দেখে সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন। ফলে ম্যাচের বাকি প্রায় ২৪ মিনিট ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।

তবে একজন কম নিয়ে খেলেও রক্ষণে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ম্যাচের ৮২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার মালিক টিলম্যান। তার নিখুঁত শটে বল জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

ম্যাচের শেষদিকে অতিরিক্ত ১০ মিনিটে বসনিয়া মরিয়া হয়ে আক্রমণে উঠলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্তত দুটি ভালো সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় দলটি। দুটি শটই গোলপোস্টের বাইরে চলে যায়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে কাতারকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই ছিল বসনিয়া ও হার্জেগোভিনার জন্য বড় সাফল্য। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে ফিরে এলেও তাদের যাত্রা শেষ হয়ে গেল রাউন্ড অব ৩২-এ।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বসনিয়ার প্রধান কোচ সার্জে বারবারেজের আবেগঘন প্রতিক্রিয়া নজর কাড়ে। দলের বিদায়ে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। তার সেই আবেগপূর্ণ মুহূর্ত স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদেরও গভীরভাবে স্পর্শ করে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয় নিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র এখন শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে আরও কঠিন লড়াইয়ের অপেক্ষায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD