Logo

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১০:৪৪
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ ঘোষণা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং নতুন কোচ নিয়োগের জন্য এখন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সামনে সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্পেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন। একের পর এক আক্রমণে পর্তুগালের রক্ষণকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর করা একমাত্র গোলেই পর্তুগালের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায়। একই ম্যাচে নিজের শেষ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি মাঠ ছাড়েন আবেগাপ্লুত অবস্থায়।

ম্যাচ শেষে রবার্তো মার্টিনেজ বলেন, পর্তুগালের দায়িত্ব নেওয়ার সময় তার একমাত্র লক্ষ্য ছিল দলকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্বে থেকে যাওয়ার যৌক্তিকতা তিনি দেখছেন না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। সেই লক্ষ্য অর্জন করতে না পারলে এই দায়িত্বে থাকার কোনো অর্থ দেখি না।”

বিজ্ঞাপন

পর্তুগালের দায়িত্ব পালনকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের অধ্যায় উল্লেখ করে মার্টিনেজ বলেন, জাতীয় দলের হয়ে এটিই তার শেষ ম্যাচ। তিনি জানান, পর্তুগালে এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন, যা তাকে দেশটিরই একজন মানুষ বলে অনুভব করিয়েছে।

মার্টিনেজ আরও বলেন, “এই দলের দায়িত্ব পালন করা ছিল আমার জন্য আনন্দের, সম্মানের এবং একই সঙ্গে বিশাল দায়িত্বের বিষয়। এখন ফেডারেশনের সভাপতি ও পরিচালনা পর্ষদ নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ পাবেন। আজই আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।”

স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার দল সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলেও মন্তব্য করেন পর্তুগাল কোচ। তার মতে, খেলোয়াড়রা রক্ষণে দৃঢ়তা দেখানোর পাশাপাশি আক্রমণেও ইতিবাচক মানসিকতা ধরে রেখেছিল। তবে এমন নকআউট ম্যাচে খুব ছোট ছোট মুহূর্তই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কখনও বল পোস্টে লেগে বাইরে চলে যায়, আবার কখনও ম্যাচের শেষ মুহূর্তে দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক থেকেই গোলের সুযোগ তৈরি হয়। এমন ক্ষুদ্র ঘটনাগুলোই বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ফল নির্ধারণ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করেন মার্টিনেজ। তিনি বলেন, রোনালদো শুধু গোল করেই নয়, অ্যাসিস্ট, নেতৃত্ব এবং দলের প্রতি নিবেদনের মাধ্যমেও অসাধারণ অবদান রেখেছেন।

তার ভাষায়, “রোনালদো ছিলেন একজন আদর্শ অধিনায়ক। অনুশীলনে তার নিষ্ঠা, প্রস্তুতির প্রতি মনোযোগ এবং ফুটবলকে ঘিরে তার জীবনযাপন তরুণদের জন্য অনুসরণীয়। তিনি মাঠের ভেতরে ও বাইরে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, আর তার অবদান সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD