Logo

বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৪:৪৩
বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসির আহমেদ জিমের আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিকেএসপি ক্যাম্পাসে থাকা অবস্থায় গত ২৯ জুলাই রাতে মেধাবী এই কারাতেকারের মৃত্যু হয়। ঘটনাটি খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিকেএসপি দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে একজন শিক্ষার্থীর অকালমৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিকেএসপিতে অবস্থানরত কোনো শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনা আগে শোনা যায়নি। তাই বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি; জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান।

মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে বিকেএসপির একজন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখায় কমিটির নিরপেক্ষতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে রাত দেড়টার মধ্যে কোনো একসময় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসির।

ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়াসিরের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটিকে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD