টেনিস তারকা সভিতোলিনা-মনফিলসের পাঁচ বছরের দাম্পত্যে বিচ্ছেদ

টেনিস কোর্টে পরিচয়, সেখান থেকে প্রেম এবং পরে বিয়ে—সব মিলিয়ে সুন্দর এক সম্পর্কের গল্প ছিল ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা ও ফ্রান্সের গায়েল মনফিলসের। তবে মানসিক টানাপোড়েন ও ব্যক্তিগত সংগ্রামের কাছে হার মেনে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সভিতোলিনা।
বিজ্ঞাপন
বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউক্রেনের শীর্ষস্থানীয় এই টেনিস তারকা। ব্যক্তিগত জীবনের সংগ্রাম, যুদ্ধের মানসিক প্রভাব এবং সম্পর্কের কঠিন সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি।
সভিতোলিনা লেখেন, ‘আমার জীবনে বলা সবচেয়ে কঠিন বিষয় এটি। ইউক্রেন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। কিন্তু যুদ্ধ আমার ভেতরে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে খুব কমই কথা বলেছি। আপনারা দেখেননি সেই ঘুমহীন রাতগুলো, সংশয় আর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি।’
কঠিন সময়গুলোতে মনফিলস তার পাশে ছিলেন বলেও জানান সভিতোলিনা। তবে দীর্ঘদিন একসঙ্গে লড়াই করেও সব সমস্যার সমাধান সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গায়েল সবকিছু দেখেছে। সে একবারও আমার হাত ছাড়েনি। আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে এর বিরুদ্ধে লড়েছি, নিজেদের সর্বস্ব দিয়েছি। কিন্তু কিছু লড়াই মানুষের অন্তরের গভীরে সংঘটিত হয়, যেখানে অন্য কারও ভালোবাসা দিয়েও জয়ী হওয়া যায় না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই দম্পতির একটি মেয়ে রয়েছে, নাম স্কাই। বিচ্ছেদ হলেও মেয়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট করেছেন সভিতোলিনা।
তিনি বলেন, ‘স্কাই সব সময় সবার আগে থাকবে। আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু পরিবার নয়। আমরা সব সময় তার বাবা-মা থাকব এবং জীবনের প্রতিটি পর্যায়ে তার পাশে থাকব।’
একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে এবং এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য তাদের প্রয়োজনীয় সময় দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সভিতোলিনা।
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের এমন কঠিন সময়ের মধ্যেও কোর্টে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন এই টেনিস তারকা। চলতি বছর ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডব্লিউটিএ ফাইনালে অংশ নেওয়ার পথে রয়েছেন তিনি। পাশাপাশি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে ৫০ জয়ের মাইলফলকও স্পর্শ করেছেন সভিতোলিনা।








