Logo

৪৯ বছর পরও শৈশবের প্রথম ব্যাট সযত্নে রেখেছেন শচিন

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:১০
৪৯ বছর পরও শৈশবের প্রথম ব্যাট সযত্নে রেখেছেন শচিন
ছবি: সংগৃহীত

ক্রিকেটের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ব্যাট হাতে পথচলা শুরু হয়েছিল শৈশবেই। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়লেও ছোটবেলার সেই স্মৃতি ভোলেননি ভারতের এই সাবেক তারকা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৩৭ বছর পূর্তি উপলক্ষে শৈশবের একটি পরিচিত ছবি নতুন করে তুলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ৪৯ বছর আগে যে ব্যাট হাতে তাঁর ছবিটি তোলা হয়েছিল, সেটি এখনো নিজের সংগ্রহে রেখেছেন শচিন।

বিজ্ঞাপন

১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচিনের। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ২০৫ দিন। সে সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার ছিলেন তিনি। তবে চলতি বছরের শুরুতে ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক করে সেই রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী।

শচিনের শৈশবের একটি ছবি দীর্ঘদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ পরিচিত। ছবিতে লম্বা চুলের ছোট্ট শচিনকে দেখা যায় হাতে ব্যাট নিয়ে ক্রিকেটের প্রস্তুতি নিতে। সেই কিশোরই সময়ের পরিক্রমায় পরিণত হয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারে। তাঁর অসাধারণ ক্রিকেটযাত্রার সূচনালগ্নের স্মারক হয়ে আছে ছবিটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবার ৫৩ বছর বয়সে দাঁড়িয়ে শৈশবের সেই একই ব্যাট হাতে পুরোনো ছবির আদলে নতুন একটি ছবি তুলেছেন শচিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ অর্থাৎ, প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!

বিজ্ঞাপন

ক্রিকেট ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও শচিনের অবস্থান অনন্য। টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ওয়ানডেতে প্রথম শতকের দেখা পেতে অবশ্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ৭৯টি ম্যাচ।

টেস্ট ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে শচিন সংগ্রহ করেছেন ১৫ হাজার ৯২১ রান। এ সংস্করণে তাঁর সেঞ্চুরি ৫১টি। টেস্টে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটিও তাঁর দখলে। ৩০০ ইনিংসে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে দ্রুততম এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে শচিনের রান ১৮ হাজার ৪২৬। ৪৪.৮৩ গড় নিয়ে খেলা এই কিংবদন্তির রয়েছে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি অর্ধশতক। ক্যারিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাট করলেও পরবর্তী সময়ে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন। ওয়ানডে ক্রিকেটে ওপেনিং ব্যাটিংয়ের ধরন বদলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বকাপের মঞ্চেও শচিনের সাফল্য অসাধারণ। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে ৫৬.৯৫ গড়ে তাঁর সংগ্রহ ২ হাজার ২৭৮ রান। এই আসরে করেছেন ছয়টি সেঞ্চুরি ও ১৫টি অর্ধশতক। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের অবস্থানটিও তাঁর দখলে।

‘মাস্টার ব্লাস্টার’ নামে পরিচিত শচিনের ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তাঁর রেকর্ড ও অবদান ক্রিকেটপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত। তবে এতসব অর্জনের মধ্যেও শৈশবের প্রথম ব্যাটটির প্রতি তাঁর ভালোবাসা আলাদা গুরুত্ব বহন করে। ৪৯ বছর ধরে সেটি নিজের কাছে সযত্নে রেখে শচিন বুঝিয়ে দিলেন, কিংবদন্তি হয়ে ওঠার দীর্ঘ যাত্রাতেও শুরুর দিনগুলোর স্মৃতি কতটা মূল্যবান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD