Logo

আখাউড়ায় ইফতার মাহফিল পরিণত হলো মিলনমেলায়

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
১৭ মার্চ, ২০২৬, ১৩:৪৬
আখাউড়ায় ইফতার মাহফিল পরিণত হলো মিলনমেলায়
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সম্ভাব্য মেয়র প্রার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে আখাউড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া এবং সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল।

ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেকে সরাসরি অংশ নিতে না পারলেও প্রতিনিধি পাঠান।

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাসদসহ বিভিন্ন সংগঠনের নেতারা একসঙ্গে বসে ইফতার করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আখাউড়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা এ ধরনের আয়োজনকে সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মো. মানিক মিয়া সুন্দর আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা পরিচালনায় সহযোগিতা কামনা করেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD