রাতভর সড়ক অবরোধের পর অবশেষে পরীক্ষায় বসল সেই ৬৫ পরীক্ষার্থী

দীর্ঘ অনিশ্চয়তা ও রাতভর অবরোধের পর অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে পেরেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ জন পরীক্ষার্থী। জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসব শিক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই প্রবেশপত্র হাতে নিয়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
এসময় বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান, এডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় থেকে প্রবেশপত্র না পেয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন—মোট ৬৫ জন পরীক্ষার্থী প্রথমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে সমাধান চান। তবে তাৎক্ষণিক কোনো সমাধান না পেয়ে রাত ৯টার দিকে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা এবং একটি ফিলিং স্টেশনের সামনে সড়কে অবস্থান নেন এবং অবরোধ কর্মসূচি শুরু করেন। এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হয়েছে এবং রাতের মধ্যেই প্রবেশপত্র শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে প্রশাসনের আশ্বাসে আস্থা রেখে রাত প্রায় পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও তাদের স্বজনরা।
বিজ্ঞাপন
ঘটনার প্রেক্ষিতে বিকেলে সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন








