হাওর কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেবে সরকার: ত্রাণমন্ত্রী

আকস্মিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) সকালে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক ঢলে লাখ লাখ হেক্টর আবাদি জমি ও ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম সংকটে পড়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কৃষকদের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই চলছে। তালিকাভুক্ত কৃষকদের বিশেষ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা মাসিক সহায়তা পাবেন। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আগামী ৬ মে তিনি সুনামগঞ্জ সফর করবেন বলেও জানান।
হাওরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, কোথাও কৃষকরা ৬০ শতাংশ আবার কোথাও মাত্র ৪০ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছেন। পানির নিচে থাকা ধান কাটার জন্য শ্রমিক সংকটও দেখা দিয়েছে, ফলে কৃষকরা বিপাকে রয়েছেন। তবে সরকার তাদের পাশে রয়েছে এবং ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতভিত্তিক আত্ম-কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১০১টি দরিদ্র পরিবারের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৩৩ জনকে দোকানের মালামাল, ২০ জনকে ভ্যান, ১৮ জনকে গরু এবং ৩০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়।
উপকারভোগীরা জানান, এসব সহায়তা তাদের জীবিকা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
আরও পড়ুন:
বিজ্ঞাপন
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, যাকাতভিত্তিক এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্য নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।








