দোহারে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

ঢাকার দোহারে এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হুসাইন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বিল্লাল ওই এলাকার মো. লতিফের ছেলে।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্তের বাবা মো. লতিফ ও ভাই ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির বাইরে গোসল করতে বের হয় ওই শিশু শিক্ষার্থী। এ সময় প্রতিবেশী বিল্লাল হোসেন তাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির শ্লীলতাহানি করা হয় এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বিল্লাল। এ সময় শিশুটির চিৎকারে তার মা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত বিল্লালের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে দোহার থানার চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে। একই সঙ্গে জনরোষ থেকে বাঁচাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিল্লালের বাবা ও ভাইকে হেফাজতে নেয় পুলিশ।
বিজ্ঞাপন
চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক জুবাইদুল হক জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। আহত ও আতঙ্কিত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নির্যাতনের এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








