অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজ চলার মধ্যেই বৃহস্পতিবার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আগামী ১৭ জুন থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি লড়াই। সিরিজকে সামনে রেখে দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পাশাপাশি চোটের কারণে দলে নেই পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিব।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। জানা গেছে, কুঁচকির চোটের কারণে রিপন মন্ডল এবং পিঠের সমস্যার কারণে তানজিম হাসান সাকিব দলে থাকতে পারেননি।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে সহ-অধিনায়ক পদে এসেছে পরিবর্তন। সাইফ হাসান এই দায়িত্ব পালন করতে আগ্রহী না হওয়ায় নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।








