গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) সকাল ১১টায় শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ভূপাল সাহা, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত। কোনো ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, মন্দির ভাঙার হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধন থেকে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।








