নারীকে ‘সেই মাল’ মন্তব্যের পর পাথরঘাটার ওসি এনামুল হক প্রত্যাহার

বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ. এম. ফয়সল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়, বরগুনায় সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, অফিস আদেশ অনুযায়ী ওসি মো. এনামুল হককে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে পাথরঘাটার এক নারী মামলা করতে গিয়ে ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ তোলেন। অভিযোগ ওঠে, ওই নারীকে উদ্দেশ্য করে ওসি আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
এছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল, সরকারি নম্বরে যোগাযোগ করেও অনেক সময় ওসির সঙ্গে কথা বলা সম্ভব হতো না।
অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অডিও নিয়েও আলোচনা হয়। তবে ওসি মো. এনামুল হকের প্রত্যাহারের অফিস আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।








