Logo

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
৯ জুলাই, ২০২৬, ১৩:৫৬
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: প্রতিনিধি

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক বসতঘরেও পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই থেকে তিন দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি এবং পাহাড়ি ছড়াগুলোর প্রবাহ বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে লোকালয়ে ঢুকে পড়েছে। এতে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন এলাকার খাল, নালা ও পানি নিষ্কাশনের পথ ভরাট কিংবা দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকদের দাবি, চলমান জলাবদ্ধতার কারণে আমনসহ বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক জমি পানির নিচে থাকায় কৃষিকাজও ব্যাহত হচ্ছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। কোথাও বাঁধ ভেঙে গেলে বা ফসলি জমিতে পানি প্রবেশ করলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ যেন কৃত্রিমভাবে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি খাল বা জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি না করা এবং বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD