Logo

টানা বর্ষণে জলাবদ্ধতা, কটিয়াদীতে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৯ জুলাই, ২০২৬, ১৩:৩৬
টানা বর্ষণে জলাবদ্ধতা, কটিয়াদীতে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
ছবি: প্রতিনিধি

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কটিয়াদী সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ ও মাঠে পানি জমে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের অধিকাংশ সময়ই বিদ্যালয়ের মাঠে বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই সেই পানি পুরো প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে। ফলে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষের আশপাশ ও বিভিন্ন স্থানে পানি জমে শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে শুধু বিদ্যালয়ের পরিবেশই অস্বাস্থ্যকর হয়ে ওঠেনি, শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াতও ব্যাহত হচ্ছে।

এদিকে টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও কিছু এলাকায় বৃষ্টি থামার পর পানি দ্রুত নেমে যাচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও পোশাকশ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞাপন

একজন অভিভাবক বলেন, পরীক্ষার জন্য সকালে সন্তানকে নিয়ে বের হতে হলেও সড়কে পানি জমে থাকায় অনেক কষ্ট করে বিদ্যালয়ে পৌঁছাতে হয়েছে। বিভিন্ন স্থানে যানজট থাকায় চলাচলও ছিল ঝুঁকিপূর্ণ।

বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানায়, প্রতিদিন নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। মাঠে পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলাও বন্ধ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষার প্রস্তুতির চাপের সঙ্গে বৈরী আবহাওয়া তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভেজা অবস্থায় কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, বৃষ্টির সময় শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ ও বিদ্যালয় মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্গন্ধের কারণে অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদানও সম্ভব হয় না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD