Logo

পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার, ভিডিও ভাইরাল

profile picture
জনবাণী ডেস্ক
চট্টগ্রাম
৯ জুলাই, ২০২৬, ১৪:০৫
পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শত শত মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার একটি ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। তার এক হাতে রশি, অন্য হাতে শিশুটিকে বসানো একটি বড় পাতিল। এ সময় আরেক সদস্য শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগার জন্য পাতিলের ওপরে ছাতা ধরে পাশে পাশে হাঁটছিলেন। ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার এই দৃশ্য অনেকের প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আট সদস্যের একটি উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে আট মাস বয়সী ওই শিশুসহ পাচ শিশু ও আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটিকে নিরাপদে বহনের জন্য বড় একটি পাতিল ব্যবহার করা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পানিবন্দি থাকার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পানির গভীরতা ও স্রোতের কথা বিবেচনায় নিয়ে শিশুটিকে বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। পরে অন্যদেরও উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

টানা বর্ষণে বাঁশখালীর আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও পানিবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস প্রয়োজন অনুযায়ী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD