সাত দিনেই উঠে গেল কার্পেটিং, মির্জাপুরে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় উঠে যেতে শুরু করেছে। এতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরসংলগ্ন গোড়াই ফ্লাইওভার থেকে গোড়াই-রাকেরটেকি পর্যন্ত প্রায় ৪৬০ মিটার সড়কে সম্প্রতি পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি যথাযথভাবে পরিষ্কার না করেই কাদা ও ময়লার ওপর দায়সারাভাবে কার্পেটিং করা হয়েছে। এ কারণে অল্প সময়ের মধ্যেই পিচ উঠে গিয়ে সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করেন তারা। কাজ চলাকালে এ বিষয়ে আপত্তি জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে নেয়নি বলে দাবি করেন স্থানীয়রা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনিয়মের তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-এর মালিক তারেক খান বলেন, ভারী বৃষ্টির কারণেই সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত মেরামত করে দেওয়া হবে বলে তিনি জানান।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী, কাজের মান নিশ্চিত করে ঠিকাদারকে নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী আগামী এক বছরের মধ্যে সড়কে কোনো ত্রুটি দেখা দিলে তা নিজস্ব খরচে সংস্কারের দায়িত্বও ঠিকাদারি প্রতিষ্ঠানের।








