Logo

কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
১৮ জুলাই, ২০২৬, ১১:৩৯
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় সাত মাস বয়সী এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসে নববধূকে নিয়ে সবাই নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

বিজ্ঞাপন

রাত আনুমানিক ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, গভীর রাতে মোট ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহতদের মধ্যে নবদম্পতিসহ কয়েকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের চিকিৎসা চলছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি আনন্দঘন বিয়ের আয়োজন শেষ হতে না হতেই সড়ক দুর্ঘটনায় দুই প্রাণহানির ঘটনায় উভয় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবদম্পতির নতুন জীবনের যাত্রা শুরু হওয়ার মুহূর্তেই এমন মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দেরও গভীরভাবে নাড়া দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD