পানিতে মিশিয়ে মাংস বিক্রি, সোনারগাঁয়ে ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে আব্দুল বাতেন (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী আব্দুল বাতেন উপজেলার বারদী ইউনিয়নের দৈলরদী গ্রামের মৃত এলাহী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় মাংস বিক্রি করে আসছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযানকালে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ’ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়। এ সময় ব্যবসায়ী আব্দুল বাতেন নিজের অপরাধ স্বীকার করে ঘটনাস্থলেই নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগম, পেশকার বায়েজিদ, সোনারগাঁ থানার এসআই পারভেজসহ পুলিশের সদস্যরা। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস এবং খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া পশু জবাই ও মাংস বিক্রিসহ ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








