Logo

বন্ধ টাঙ্গাইল কটন মিলস পরিদর্শনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২ আগস্ট, ২০২৬, ১৫:২৭
বন্ধ টাঙ্গাইল কটন মিলস পরিদর্শনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিলস পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারখানা এলাকা ঘুরে দেখে মিলটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

একসময় টাঙ্গাইল কটন মিলস এ অঞ্চলের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এখানে হাজারো শ্রমিক কাজ করতেন এবং তাদের আয়ের ওপর নির্ভর করেই চলত অসংখ্য পরিবারের জীবন-জীবিকা। কিন্তু দীর্ঘদিন ধরে মিলটির কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে এবং অনেক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পর্যায়ক্রমে চালুর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই টাঙ্গাইল কটন মিলস পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান, সংস্থাটির সচিব ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিবসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি উদ্যোগে দ্রুত মিলটির কার্যক্রম পুনরায় চালু হলে এলাকার অর্থনীতি আবারও সচল হবে এবং দীর্ঘদিন কর্মহীন থাকা বহু শ্রমিক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD