পরকীয়ার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক ওই নারীর মৃত্যু ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের জসিম শেখের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে জেসমিন গুরুতর আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী দাবি করেছেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত ছিলেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।
অন্যদিকে স্থানীয়দের দাবি, জসিম শেখ মাদকাসক্ত এবং তার আচরণ স্বাভাবিক ছিল না। ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
বিজ্ঞাপন
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








