মাছ ধরার জালে মিলল থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে পুলিশের একটি শর্টগান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে এবং রেজিস্টারের তথ্য যাচাই করে নিশ্চিত হয়, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি শর্টগান আটকা পড়ে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে আড়াইহাজার থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
থানায় নেওয়ার পর অস্ত্র রেজিস্টারের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের এবং এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত। অস্ত্রটির বাট নম্বর ৬৫১ বলে জানিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।








