Logo

ঝালকাঠিতে আমুর পরিত্যক্ত বাড়ি এখন ময়লা-আবর্জনার ভাগাড়

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৪ আগস্ট, ২০২৬, ১৫:৩৭
ঝালকাঠিতে আমুর পরিত্যক্ত বাড়ি এখন ময়লা-আবর্জনার ভাগাড়
ছবি: প্রতিনিধি

একসময় ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন।

বিজ্ঞাপন

জেলার নানা রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় দুই বছর পর ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এটি বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ার পাশাপাশি মাদকসেবীদের আনাগোনার স্থানেও রূপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনটির অবস্থা দিন দিন আরও জরাজীর্ণ হয়ে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনের বিভিন্ন অংশে এখনো আগুন ও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। ভাঙা দরজা-জানালা, ক্ষতিগ্রস্ত দেয়াল, পোড়া কক্ষ এবং চারদিকে ছড়িয়ে থাকা আবর্জনা পুরো ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জমে থাকা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞাপন

ভবনের ভেতরের কয়েকটি কক্ষে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, রাতের বেলায় সেখানে অসামাজিক কর্মকাণ্ডও সংঘটিত হয়। দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও তদারকির অভাবে পরিত্যক্ত ভবনটি অপরাধপ্রবণ ব্যক্তিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত মে মাসে রাতের আঁধারে ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী টিনের বেড়া অপসারণ করে ভেতরে প্রবেশ করেন এবং দুটি ব্যানার টানিয়ে দেন। এর মধ্যে একটিতে লেখা ছিল, “আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান।” এরপর থেকেই অনেকেই সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলতে শুরু করেন।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর ভবনটিতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভবনটিতে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্থানে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি থেকে সংশ্লিষ্টদের শিক্ষা নেওয়া উচিত।

আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ঝালকাঠিতে অবস্থানকালে তিনি এই বাসভবন থেকেই দলীয় ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে একসময়কার সেই রাজনৈতিক কেন্দ্র এখন পরিত্যক্ত ও অবহেলিত ভবনে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ভবিষ্যৎ ব্যবহার সম্পর্কে কার্যকর সিদ্ধান্ত না নেওয়া হলে এটি জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার জন্য আরও বড় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD