পটিয়ায় র্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ ছয়জন আটক

কক্সবাজার থেকে চট্টগ্রামে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে র্যাব-৭। চট্টগ্রামের পটিয়া উপজেলার ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, পাচারে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং একটি মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবার বড় চালান পৌঁছে দিতে নজরদারি এড়ানোর উদ্দেশ্যে চক্রটি বিকল্প সড়ক ব্যবহার করছিল। পূর্ব তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুরে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের দাবি, মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







