সাতছড়ি জাতীয় উদ্যানে পদ্মগোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি পদ্মগোখরা (মনোকলড কোবরা) এবং একটি দাঁড়াশ সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বনের নিরাপদ পরিবেশে সাপ দুটি ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লা থেকে সাপ দুটি উদ্ধার করে ‘স্নেক রেসকিউ টিম ও সংরক্ষণ কেন্দ্র’-এর সদস্যরা। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুলো অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, দাঁড়াশ সম্পূর্ণ বিষহীন একটি সাপ। এটি ইঁদুর খেয়ে কৃষিজমির ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে দাঁড়াশকে কৃষকের বন্ধু বলা হয়। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, পদ্মগোখরা অত্যন্ত বিষধর সাপ হলেও সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করে। তবে এটিকে বিরক্ত করা বা কোণঠাসা করা হলে আত্মরক্ষার্থে আক্রমণ করতে পারে। তাই বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।
সাপ অবমুক্তকরণ কার্যক্রমে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চুনারুঘাট জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








