Logo

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আরও এক শ্রমিকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ আগস্ট, ২০২৬, ১৩:০০
সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আরও এক শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি জামালপুরে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এর আগে ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো একটি জাহাজের ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। সবশেষ ইদ্রিস আলীর মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর আহত আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ইদ্রিস আলীও। চিকিৎসকদের মতে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যে অবহেলা কিংবা শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

এ ছাড়া নিহত প্রথম নয় শ্রমিকের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।

দুর্ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD