Logo

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
২১ আগস্ট, ২০২৬, ১৫:১৮
বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার নববধূকে ঘিরে বৌভাতের আয়োজন থাকলেও তার আগেই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়।

শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের ব্যবস্থা ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত। আনাসও সেখানে থেকে পুরো আয়োজনের তদারকি করছিলেন।

বিজ্ঞাপন

রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কয়েক ঘণ্টা আগেও যেখানে বিয়ের আনন্দ ও অতিথিদের কোলাহল ছিল, সেখানেই রাত পেরোতেই শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তার বিয়ে হয়েছিল এবং বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার বৌভাতের আয়োজন থাকলেও দুর্ঘটনায় সব আনন্দ শোকে পরিণত হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD