পূবাইলে ইঞ্জিন বিকল, ৪৫ মিনিট আটকে ছিল চট্টলা এক্সপ্রেস

গাজীপুর মহানগরীর পূবাইলে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৪৫ মিনিট রেললাইনে আটকে ছিল ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ইঞ্জিন মেরামত করে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পূবাইল থানাধীন মিরের বাজার রেলক্রসিংয়ের কিছুটা আগে তালাটিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকা পড়ে। ফলে ওই রুটে কিছু সময়ের জন্য অন্যান্য ট্রেনের চলাচলও বন্ধ থাকে। আকস্মিকভাবে ট্রেন থেমে যাওয়ায় চট্টলা এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে সংশ্লিষ্টরা বিকল ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেন। মেরামত শেষে প্রায় ৪৫ মিনিট পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পূবাইল স্টেশন মাস্টার মুসা জনবানী বলেন, ‘আমি আজ ডিউটিতে ছিলাম না। এখন স্টেশনে যাচ্ছি। শুনেছি চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছিল। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
ইঞ্জিন বিকলের ঘটনায় চট্টলা এক্সপ্রেসের যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও দ্রুত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।








