Logo

পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ল গাঁজাবাহী মাইক্রোবাস

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৮ আগস্ট, ২০২৬, ১৬:২৩
পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ল গাঁজাবাহী মাইক্রোবাস
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গেছে ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি পুকুর থেকে তোলার পর ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন খবর পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শামিমের নেতৃত্বে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের নজরে আসে। গাড়িটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। গাড়িটি পুকুরে পড়ার পর এর ভেতর থেকে গাঁজার প্যাকেট পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা পরে কসবা থানায় নিয়ে যায় পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ক্রেনের মাধ্যমে গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD