Logo

ইয়াবাসহ জামায়াতের কর্মী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৮ আগস্ট, ২০২৬, ১৬:২৯
ইয়াবাসহ জামায়াতের কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, মারুফ জামায়াতের কর্মী। তবে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করে তাকে দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মারুফ হাসান উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি জামায়াতের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে শাজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডে একটি ওষুধের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৫ গ্রাম।

বিজ্ঞাপন

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা জানিয়েছেন। ঘটনার দিনও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গ্রেফতারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে মারুফ হাসানের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম। তিনি বলেন, মারুফ হাসান জামায়াতের কেউ নন এবং দলের কোনো পর্যায়েই তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ মিছিল-মিটিংয়ে অংশ নিলেই তাকে জামায়াতের কর্মী হিসেবে গণ্য করা যায় না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল এবং ইচ্ছা করলেই যে কেউ দলের সদস্য হতে পারেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD