বাবার বকুনিতে অভিমান, বাগাতিপাড়ায় যুবকের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে আসিব হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আসিব হোসেন তালতলা গ্রামের ভ্যানচালক আয়লান শেখের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ভ্যান চালিয়ে বাড়িতে ফেরেন আয়লান শেখ। বাড়িতে ফিরে গোয়ালঘরে গরুর খাবার না থাকায় তিনি ছেলে আসিবকে বিষয়টি নিয়ে বকাঝকা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান আসিব।
রাত ১১টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে আসিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আসিবকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে রাত দেড়টার দিকে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








