নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্রে মিলল শিশুর মরদেহ

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে বাড়ির কাছের একটি ঘাটে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু জাহিদ। পরিবারের সদস্যরা প্রথমে বাড়ির আশপাশে এবং পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি জানিয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
নিখোঁজের তিন দিন পর শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর একটি ঘাটে পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদ হাসানের বলে শনাক্ত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে শিশুর মরদেহ ভেসে থাকার খবর পান তারা। পরে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটি কীভাবে নিখোঁজ হলো কিংবা কোন পরিস্থিতিতে নদীতে পড়ে গেল—এ বিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তে না পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই নাজমুল ইসলাম।
এদিকে নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় খিরাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।








