পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দম্পতি গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার দুজন হলেন দেওয়ালকুড়ি গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ালকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম ও ডলি খাতুনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের ঘর থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় অবৈধ মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পত্নীতলা থানার এসআই সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নওগাঁ জেলায় বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।








