Logo

অনিয়মিত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন অধ্যক্ষ

profile picture
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২
অনিয়মিত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন অধ্যক্ষ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে এবং অনিয়মিতদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের খুঁজে বের করে তিনি নিজেই তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কোনো শিক্ষার্থী টানা কয়েক দিন কিংবা দীর্ঘ সময় শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকলে তাদের তালিকা তৈরি করছেন অধ্যক্ষ। এরপর প্রতিদিন সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন তিনি।

বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে বিস্তারিত কথা বলছেন। শিক্ষাজীবনে নিয়মিত ক্লাস করার গুরুত্ব তুলে ধরে সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর জন্য তাদের উদ্বুদ্ধ করছেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষের এমন উদ্যোগে অভিভাবকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অনেকেই জানান, প্রতিষ্ঠানের প্রধান নিজে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতে বাড়িতে আসছেন—এটি তাদের জন্য যেমন সম্মানের, তেমনি সন্তানদের শিক্ষাজীবন নিয়ে নতুন করে সচেতন হওয়ারও অনুপ্রেরণা। অধ্যক্ষের আন্তরিক প্রচেষ্টায় অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম বলেন, কোনো শিক্ষার্থী যেন অনুপস্থিতির কারণে ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেই দায়িত্ববোধ থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। শুধু শ্রেণিকক্ষে পাঠদান করাই শিক্ষকদের দায়িত্বের শেষ নয়; শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কি না, তাদের পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে কি না—সেটিও গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই কারণ না জেনে শুধু বিদ্যালয়ে আসার জন্য বললে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাটি বোঝার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে পড়াশোনায় মনোযোগী করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সুধীজন। তাদের মতে, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সরাসরি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন প্রতিষ্ঠানপ্রধান নিজে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ায় অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়ছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD