Logo

পীরগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ, রংপুর
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫২
পীরগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

‘মেধা, সততা, দেশপ্রেম—গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পীরগঞ্জ উপজেলা শাখা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে মোট ১৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোটিভেশনাল স্পিকার ও গার্ডিয়ান পাবলিকেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরুল কায়েস পরাগ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহমেদ ফয়সাল।

এ সময় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান, পীরগঞ্জ পৌরসভায় জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ফিরোজ কবির নয়নসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, মেধা ও জ্ঞানকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশপ্রেম, সততা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD