Logo

ভেড়ামারা রেলস্টেশনে প্ল্যাটফর্ম উঁচুকরণের দাবিতে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৩
ভেড়ামারা রেলস্টেশনে প্ল্যাটফর্ম উঁচুকরণের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

ট্রেনযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ ও স্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘ভেড়ামারা উপজেলাবাসী’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ভেড়ামারা রেলওয়ে স্টেশনটি একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এখান থেকে বিপুলসংখ্যক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। তবে স্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে প্রবীণ, শিশু, নারী ও অসুস্থ যাত্রীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেন বক্তারা। অনেক সময় ট্রেনে ওঠানামার সময় তাড়াহুড়ো করতে গিয়ে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও জানান তারা।

মানববন্ধন থেকে ভেড়ামারা রেলস্টেশনের প্ল্যাটফর্ম দ্রুত উঁচু করার পাশাপাশি স্টেশনের সার্বিক আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এসএস আল হুসাইন সোহাগ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপজেলাবাসীর দাবির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা খায়রুল আমিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক এবং পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নান্টু।

বিজ্ঞাপন

এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শরিয়ত ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ওয়াশিম আকরাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শ্রী অমিত রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড বাবলুসহ স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও সাধারণ রেলযাত্রীরা।

বক্তারা বলেন, ভেড়ামারা রেলস্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD